টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। আইসিসির সিদ্ধান্তের ধারাবাহিকতা ও সুশাসন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত থেকে বিশ্বকাপের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। এ বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থান নিলে শেষ পর্যন্ত তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেয়া হয়।
আইসিসি দাবি করে, বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তা শঙ্কা তারা পর্যালোচনা করেছে এবং তা যৌক্তিক নয় বলে মনে করেছে। তবে এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন মোহাম্মদ ইউসুফ। বিশেষ করে বাংলাদেশের বিশাল টেলিভিশন দর্শকসংখ্যার বিষয়টি তুলে ধরে তিনি আইসিসির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইউসুফ লেখেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সম্মিলিত ক্রিকেট দর্শকসংখ্যা প্রায় বাংলাদেশের একক দর্শকসংখ্যার সমান। ১০টি দেশ মিলিয়ে প্রায় ১৭৮ মিলিয়ন, আর এককভাবে বাংলাদেশ ১৭৬ মিলিয়ন দর্শক তৈরি করে।’
আইসিসির শাসনব্যবস্থা নিয়েও গুরুতর মন্তব্য করেন ইউসুফ। তার মতে, প্রভাব-প্রতিপত্তি বা নির্বাচনী সুবিধার ভিত্তিতে ক্রিকেট পরিচালিত হওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী দর্শকদের দ্বারা পরিচালিত একটি খেলায় বাংলাদেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা সুশাসন ও ধারাবাহিকতা নিয়ে বড় প্রশ্ন তোলে। যখন সুবিধা বাছাইভিত্তিক হয়ে যায়, তখন ন্যায্যতা হারিয়ে যায়। ক্রিকেট কখনোই প্রভাব দ্বারা নয়, বরং নীতির ভিত্তিতেই পরিচালিত হওয়া উচিত।’
অনলাইন ডেস্ক 






