রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) প্রতিটি বাস থেকেই কালো ধোঁয়া বের হয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ সমস্যা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নেয়ায় পরিবেশ দূষণ বাড়ছে।
মঙ্গলবার তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহনচালক ও শ্রমিকদের দক্ষতা এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বিআরটিসির যত বাস আছে, সবকটা বাস থেকেই কালো ধোঁয়া বের হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি। এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না?’ তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি কার্যকর স্ক্র্যাপ নীতিমালা প্রণয়নের জন্য বারবার তাগিদ দেয়া হলেও এখনো তা চূড়ান্ত হয়নি।
তিনি আরও বলেন, কয়েকটি দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিবেশ সুরক্ষা সম্ভব নয়। পুরোনো বাসগুলো একদিনে সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, অন্তত নিয়মিত মেইনটেন্যান্স নিশ্চিত করা জরুরি। ৫৪ বছর ধরে যদি পরিবর্তন সম্ভব না হয়, তবে আর কত সময় লাগবে—এ প্রশ্নও তোলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান শব্দদূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, চালকদের দায়িত্বশীলভাবে গাড়ি চালাতে হবে। অপ্রয়োজনীয় হর্ন বন্ধ হলে গতি ও দুর্ঘটনা দুটোই কমবে। এটি ক্ষমতা প্রদর্শনের বিষয় নয়; মানুষের ভোগান্তি কমানোই মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদসহ পরিবহন খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
নিজস্ব প্রতিবেদক 

