যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরতদের মধ্যে যারা কর্মক্ষম এবং কোনো অপরাধে লিপ্ত নেই, তাদেরকে বৈধতা প্রদানে ৮০ ভাগ আমেরিকান সমর্থনের কথা জানিয়েছেন। এরমধ্যে রিপাবলিকান ৬৯%, ডেমক্র্যাট ৮৭% এবং স্বতন্ত্র ৮৩% আমেরিকান এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এই জরিপটি পরিচালনা করে ‘ম্যাকক্ল্যাচি-ম্যারিস্ট পোল’। বৃহস্পতিবার জরিপের ফল প্রকাশিত হয়।
গত মঙ্গলবার হোয়াইট হাউজে কর্মরত টিভি সংবাদদাতাদের সৌজন্যে এক মধ্যাহ্নভোজে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদানে সমঝোতার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
সে সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন কার্যক্রম ভঙ্গুর হয়ে পড়েছে। একে ব্যাপক সংস্কার প্রয়োজন। বিশেষ নির্বাহী আদেশ জারির মধ্য দিয়ে অবৈধভাবে বসবাসরত এক কোটি ১০ লাখ অভিবাসীকে ঢালাওভাবে গ্রেফতারের অভিযান শুরুর মধ্যেই ট্রাম্পের এমন মনোভাবে বিস্ময় প্রকাশ করেন অনেকে।
জরিপে অবৈধদের সিটিজেনশিপ প্রদানের শর্ত হিসেবে উল্লেখ করা হয়, তাদেরকে অবশ্যই ইংরেজিতে কথা বলার যোগ্যতা থাকতে হবে, বকেয়া ট্যাক্স প্রদান করতে হবে। এছাড়া এ ধরনের সুযোগ গ্রহণকারীদের নির্ধারিত অংকের জরিমানা প্রদানে সম্মত থাকতে হবে।
প্রতিনিধির নাম 




