সিলেটে জাপার বিকল্প শক্তি হতে দেব না : তাজ
সিলেট ব্যুরো
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এটিইউ তাজ রহমান বলেছেন, সিলেটে জাতীয় পার্টিই হচ্ছে বৃহত্তম দল। এখানে জাতীয় পার্টির বিকল্প কোনো দলকে ঘাঁটি তৈরি করতে দেব না।
জেলা জাতীয় পার্টি আয়োজিত নবগঠিত সিলেট জেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার দুপুরে নগরীর হোটেল হিল টাউন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
তাজ রহমান বলেন, পল্লীবন্ধু এরশাদ হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করেন না। আমরা সহঅবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু বিএনপি-আওয়ামী লীগের হিংসাত্মক ও প্রতিহিংসার রাজনীতির কারণে গোটা দেশ আজ অবরুদ্ধ।
তিনি বলেন, নব্বইয়ের পর থেকেই পালাবদল করে এরা দেশটাকে শোষণ করে চলছে। ক্ষমতায় গিয়ে লুটপাট আর বিরোধীদলে আসীন হয়ে অরাজকতা, এই হচ্ছে বিএনপি-আওয়ামী লীগের চরিত্র। গণতন্ত্রের দোহাই দিয়ে ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ না করে দলীয় নেতা-কর্মীদের উন্নয়নে তারা ব্যস্ত হয়ে পড়েন। তাই ক্ষমতাসীন হওয়ার কিছুদিনের মধ্যেই ওয়ার্ড পর্যায়ের নেতারাও আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জাতীয় পার্টির সমর্থনে দীর্ঘ ২১ বছর পর পুনরায় ক্ষমতায় আসলেও এরশাদের একটি মামলাও প্রত্যাহার করার প্রয়োজন মনে করেনি। অথচ দলীয় নেতাদের বিরুদ্ধে হত্যা মামলার ফাঁসির আসামিরও সাজা মওফুক করা হয়েছে। তাই আমাদের বুঝতে হবে, বিএনপি-বা আওয়ামী লীগ কেউ আমাদের বন্ধু নয়, জনগণই আমাদের একমাত্র ভরসা।
সভায় আরো বক্তব্য দেন, জাপার কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ সিদ্দিকী, নবগঠিত কমিটির সদস্য সচিব জননেতা উসমান আলী চেয়ারম্যান, শাব্বির আহমেদ, খালেদ আহমেদ, আব্দুর রহমান, মালেক খান, জৈন্তা উপজেলা ভাইস চেয়ারম্যান বসির আহমেদ, ছাত্রনেতা ফয়েজুল আহমেদ ফয়েজ, জয়নাল আবেদীন প্রমুখ ।
প্রতিনিধির নাম 






