বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চান। দেশে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ থাকবে না। যারা ভেদাভেদ করতে চায় তারা দেশের ক্ষতি করতে চায়। মানুষকে ভাগ করে দিলে দেশ এগোতে পারবে না। সঠিক সরকার নির্বাচন করতে না পারলে দেশ আবার উল্টো দিকে চলে যাবে। শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ী এলাকায় নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বিভাজনের রাজনীতি বড় বাধা। যারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে, তারা দেশের স্বার্থের বিরোধী। বিএনপি সরকার গঠন করলে এক কোটি মানুষের কর্মের ব্যবস্থা করবে। কৃষকদের কৃষি কার্ড প্রদান করবে, যার মাধ্যমে তারা বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাবেন। যাদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত তা মাফ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, মাহবুব আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, মহিলা বিএনপির সহসভাপতি সেলিনা পারভীনসহ স্থানীয় নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক 





