
মুন্সীগঞ্জ জেলা বিএনপির প্রধান কার্যালয়ে হামলা করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের বিরুদ্ধে। ওই হামলায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপি দাবি করেছে। বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ সদরের জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই ঘটনা ঘটে।
জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই জানান, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের মতো মুন্সীগঞ্জে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবার কথা থাকলেও বৃহস্পতিবার বিকেলে তাদের নেতা কর্মীরা কার্যালয়ের ভিতরে অবস্থান করছিলেন। সে সময় ছাত্রলীগের একটি সংঘবদ্ধ দল লাঠিসোটা নিয়ে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালালে সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ২০ জন নেতা কর্মী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মরর্তা ইউনুচ আলী জানান, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধার নেতৃত্বে এক দল ছাত্রলীগের নেতা কর্মী ১২-১৪ টি মোটর সাইকেলে করে বিএনপির কার্যালয়ের প্রবেশ করতে চাইলে তাদের বাধা দিয়ে সরিয়ে দেওয়া হয়।
ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা জানান, আমার নেতৃত্বে ব্যাপারটা হয়েছে সঠিক নয়। ছাত্রলীগকর্মীরা সমাবেশ প্রতিহত করতে গিয়েছিল, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না।
প্রতিনিধির নাম 





