আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলন-সংগ্রামে সঙ্গে থাকা বিএনপির মিত্র দলগুলো সমঝোতা করে ভোটে নেমেও চাপে পড়েছে। শরিকদের জন্য ছেড়ে দেয়া আট আসনে একটি বাদে সাতটিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী সক্রিয়। এসব আসনে দলটির নেতাকর্মীদের অসহযোগিতায় কোণঠাসা হয়ে পড়ছেন মিত্র দলের প্রার্থীরা। সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচনে চাওয়া-পাওয়ার হিসাব না মেলায় অনেকের মধ্যে হতাশা কাজ করছে।
একই সঙ্গে কয়েকটি ছোট দলের নেতা বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীক নিলেও তারা অস্থিরতার মধ্যে পড়েছেন। দলত্যাগ করে বিএনপিতে যোগ দেয়া নেতাদের ছয়টি আসনের মধ্যে চারটিতে আছে স্বতন্ত্র প্রার্থী।
এসব বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দলে অনেক ত্যাগী আর যোগ্য নেতা রয়েছেন। বিগত দিনে যাদের অবদান অনেক। তবে দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে অনেক স্বার্থকে ত্যাগ করতে হয়। অনেকে সেটা পারেননি। তবে বিএনপির পক্ষ থেকে জোট নেতাদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে।
জানা গেছে, আসন্ন নির্বাচনে সারাদেশে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ২৯২ জন। বাকি আট আসনে বিএনপির মিত্র দলের প্রার্থী নিজ নিজ প্রতীকে নির্বাচন করছেন। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম চারটি আসনে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একটি, গণসংহতি আন্দোলন একটি, গণঅধিকার পরিষদ একটি এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি একটি আসনে লড়ছেন।
নিজস্ব প্রতিবেদক 





