ভুয়া তথ্য ও ক্ষতিকর অনলাইন কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে সরকারের একাধিক সংস্থা সমন্বিতভাবে ২৪ ঘণ্টা কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকালীন সময়েও ভুয়া তথ্যবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৫ সদস্যের একটি মনিটরিং টিম ও ২১ জন প্রকৌশলী সার্বক্ষণিক অনলাইন কনটেন্ট নজরদারি করছেন। গত এক মাসে রিপোর্ট করা কনটেন্টের প্রায় ২৯ শতাংশ অপসারণ করা সম্ভব হয়েছে।
আইসিটি সচিব আরও বলেন, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামে ক্ষতিকর কনটেন্ট অপসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নির্বাচনকালীন ও পরবর্তী সময়েও মিস-ইনফরমেশন, হেট স্পিচ ও সাম্প্রদায়িক উসকানিমূলক কনটেন্ট দমনে এই কার্যক্রম চলবে।
নিজস্ব প্রতিবেদক 
