নিখোঁজ হওয়ার এক মাস পর পরিবারের সদস্যরা জানতে পারলো, বয়স্ক তিন ভাইবোনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতের ওড়িশা পুলিশ। গত ২৪ ডিসেম্বর তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে মুনতাজ খানের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
গত ২৭ নভেম্বর কেন্দ্রপাড়া জেলা থেকে পুলিশ তাদের আটক করেছিলো। নিখোঁজ হওয়ার এক মাসেরও বেশি সময় পর পরিবারকে তাদের বিষয়ে জানানো হলো।
পরিবারকে দেয়া এক লিখিত বার্তায় পুলিশ জানায়, ৬৩ বছর বয়সি মুনতাজ খান, তার ৫৯ বছর বয়সি ভাই ইনসান খান এবং তাদের ৭০ বছর বয়সি বোন আমিনা বিবিকে যথাযথ যাচাই-বাছাই করার পর বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্ক্রলের হাতে আসা এক নথিতে বলা হয়, তিনজনকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমানগরে সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর ২৪ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিন বৃদ্ধ ভাইবোনের বিষয়ে তাদের অন্ধকারে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানোর কয়েক সপ্তাহ পর এ তথ্য জানানো হলো।
এর আগে বুধবার স্ক্রল প্রতিবেদন করে, তিনজনকে ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে। পুলিশ অফিসার দাবি করেছেন, তিনজনই নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করেছেন।
তিনি আরো বলেন, ওই তিনজন ভারতীয় নাগরিক কিনা, তা যাচাই করতে ওড়িশা পুলিশ পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। বাংলার কর্তৃপক্ষ দাবি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
অনলাইন ডেস্ক 






