
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে। আর যারা পলাতক আছে, তাদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।
শনিবার পিলখানা ট্রাজেডির ৮ম বার্ষিকীতে ওই ঘটনায় নিহতদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, যারা কারান্তরীণ তাদের অনেকেই সাজা ভোগ করতে শুরু করেছেন। আর যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের সাজা বাস্তবায়নে কার্যক্রম চলমান আছে।
শহীদদের পরিবারের পক্ষ থেকে এ দুইদিনকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবির বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, আমরা এই দিনটিকে যথাযোগ্য ভাবে পালন করে আসছি।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পেছন থেকে যারা ইঙ্গিত দিয়েছিল কিংবা সহযোগিতা করেছিল, আমরা যেগুলো সাক্ষী-প্রমাণ পেয়েছি, সবই আমরা নিয়ে আসছি। সাক্ষী-প্রমাণের বাইরে তো আমাদের কিছু করার নেই। যেগুলি সাক্ষী-প্রমাণ পেয়েছি, যেগুলো তথ্য আমরা পেয়েছি, সঠিক পেয়েছি, সেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি।’
প্রতিনিধির নাম 





