
ঢাকা: সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বিতর্কিত ব্যক্তি। যাকে দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূত ফোরামের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমার মায়া হয়। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে তিনি বিতর্কহীন মানুষ পেলেন না। প্রধান নির্বাচন কমিশন হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তিনি একজন বিতর্ককৃত ব্যক্তি, জনতার মঞ্চের সংগঠক ছিলেন। যার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হতে পারে- এটা কোন পাগল উম্মাদ ও বিশ্বাস করবে না।
রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্য চার জন নির্বাচন কমিশনার নিয়ে আমরা কথা বলতে চাই না, প্রধান নির্বাচন কমিশনার এখনও শপথ গ্রহণ করেননি তার আগেই সুযোগ থাকলে আপনি (রাষ্ট্রপতি) বিবেচনা করবেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, খালেদা জিয়া স্বাধীনতা সংগ্রামের নির্যাতিত নেত্রী, বাংলাদেশে এমন কোন কারাগার নেই যেখানে (খালেদাকে) রাখা যাবে। আমি এ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোড় দাবি জানাচ্ছি।
এ সময় তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ৬৯/৯০ এর চেয়ে বড় বিদ্রােহ গঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং শাহবাগ থানা কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, খালেদা ইয়াসমিন, নিপুন রায় চৌধুরী প্রমুখ।
প্রতিনিধির নাম 




