বাংলাদেশে এখনো নিরাপদ ও জনবান্ধব সড়ক, রেল ও নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
সংগঠনটি বলেছে, রাজনৈতিক সদিচ্ছার অভাবে যানজট ও সড়ক দুর্ঘটনা বাড়ছে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার।
নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি অঙ্গীকার জরুরি উল্লেখ করে সংগঠনটি ১৩ দফা দাবি উত্থাপন করেছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই অঙ্গীকারের কথা বলা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, আধুনিক বাস সার্ভিস চালু, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার এবং সমন্বিত যোগাযোগ মন্ত্রণালয় গঠন।
আব্দুর রহমান প্রতীক 
