রাষ্ট্রক্ষমতায় গেলে সবার জন্য সুলভ ও ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বিএনপি। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে সরাসরি ও পরোক্ষভাবে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর বনানী ক্লাবে গতকাল শনিবার এক আলোচনা সভায় দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন এসব কথা বলেন। ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। অ্যাফিক্স বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা শামীম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মাহদী আমিন বলেন, বিএনপি ক্ষমতায় এলে তথ্যপ্রযুক্তিকে উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। জনগণের ক্ষমতায়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং মেধাভিত্তিক অর্থনীতি গড়ে তোলাই হবে প্রধান লক্ষ্য। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় এসব বিষয় গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেলস্টেশন ও বিমানবন্দরসহ জনবহুল স্থানে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করা হবে। এতে নাগরিকদের তথ্যপ্রাপ্তি সহজ হবে এবং ডিজিটাল সেবার বিস্তার ঘটবে।
নিজস্ব প্রতিবেদক 






