
খুলনার ফুলতলা উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জনি মোল্লাকে (২৯) গুলি করে ও বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৮টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের অদূরে এ হামলার ঘটনা ঘটে। জনি উপজেলার বেজেরডাঙ্গা এলাকার ইউসুফ মোল্লার ছেলে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঢাকাটাইমসকে জানান, শুক্রবার রাতে বেজেরডাঙ্গা রেল স্টেশনের অদূরে জনি তার পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত যুবলীগ নেতা জনি মোল্লার ওপর গুলি বর্ষণ ও বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে জনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী দ্রুত রক্তাক্ত আহত অবস্থায় জনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা এবং কি কারণে জনি মোল্লাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেননি ওসি।
ফুলতলা উপজেলা যুবলীগের সভাপতি শেখ আলী ইয়াসিন যুবলীগ নেতা জনি মোল্লার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন। এই ঘটনার পর ফুলতলায় উত্তেজনা বিরাজ করছে।
প্রতিনিধির নাম 




