
গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, নতুন নির্বাচন কমিশন নিয়ে অখুশির কিছু নেই। বরং এই কমিশন বিএনপির মেনে নেয়া উচিত।
তিনি বলেন, নির্বাচন কমিশন আরো খারাপ হতো যদি মোল্লা ওয়াহিদুজ্জামানকে সিইসি বানাতো। সেক্ষেত্রে নুরুল হুদা অনেক ভালো। সুতরাং ইসি নিয়ে অখুশি হওয়ার কিছু নেই। নুরুল হুদা জনতার মঞ্চের নেতা ছিলেন সেটা দোষের কিছু নয়।
বুধবার রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে কাগমারী সম্মেলন দিবস উদযাপন প্রস্তুতি কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬০ বছর পূর্তিতে মজলুম জননেতা মওলানা ভাসানীর গুরুত্বপূর্ণ চিঠি ও ফটো প্রর্দশনী’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, নতুন সিইসিকে আমরা বিশ্বাস করতে পারি। তার উপর আস্থা রাখতে পারি যে, তিনি কোনো দলের হবেন না। তবে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না তা বিএনপির উপর নির্ভর করছে।
বিএনপি অবসাদগ্রস্ত হয়ে পড়েছে মন্তব্য করে জাফরুল্লাহ বলেন, বিএনপি নিজেদের কারণেই নিজেদের ঘরে বন্দি হয়ে আছে।
তিনি বলেন, বিএনপি ও বিরোধী দলগুলোর ভবিষ্যৎ কী হবে সেটা তাদের উপর নির্ভর করছে। তবে আমি বিএনপিকে বলতে চাই, বিএনপির নেত্রীকে ছোট বড় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে হবে। সবাইকে এক সাথে নিয়ে কাগমারীতে ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজপথে নামতে হবে।
জাফরুল্লাহ’র সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
প্রতিনিধির নাম 