বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদীর ওপর উজানে ভারতের নির্মিত ফারাক্কা ব্যারাজের বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, পদ্মা নদীতে কোনো পানি নেই। বহু মানুষ থাকলেও কর্মসংস্থান নেই। আমরা বরেন্দ্র আঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করতে চাই, খাল-বিল খনন করতে চাই, পদ্মা নদীকে খনন করতে চাই। পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই।
তিনি বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোনো ঝগড়া, ফ্যাসাদ ও বিবাদের মধ্যে যেতে চাই না। সেজন্য আমরা সমালোচনা করছি না। সমালোচনা করে পেট ভরবে না।
তারেক রহমান বলেন, বিগত সময়ে দেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। এবারো আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কীভাবে ভোটকে ক্ষতিগ্রস্ত করা যায়, ভোটকে বাধাগ্রস্ত করা যায়।
সবাইকে সতর্ক থাকার আহ্ববান জানান তারেক রহমান।
নিজস্ব প্রতিবেদক 






