পটুয়াখালী: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “প্রশাসনিক দক্ষতা না থাকলে এ ধরনের ঘটনা ঘটে। সে জন্য আমি বারবার কয়েকটি কথা বলি। সুশাসনের প্রয়োজন দেশে। সুশাসনের অভাবে হত্যাকাণ্ড ঘটছে। সাংবাদিকের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। গুলিতে সাংবাদিকের মৃত্যু হয়েছে আগে কখনো শুনিনি। আমরা এর নিন্দা জানাই।”
শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিরাজগঞ্জে আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহত হওয়া প্রসঙ্গে তিনি এ সব কথা বলেন।
নির্বাচন কমিশন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশন নিয়ে অনেক বিতর্ক ছিল। আমি প্রায় বলতাম, বর্তমান নির্বাচন কমিশনে যিনি আছেন তিনি মেরুদণ্ডহীন। ওনার কোনো ব্যক্তিত্ব ছিল না। সে জন্য নির্বাচন সুষ্ঠু হয়নি। হওয়ার সুযোগও ছিল না। আমরা আশা করব সার্চ কমিটির মাধ্যমে যিনি নির্বাচন কমিশনে আসবেন, প্রধান নির্বাচন কমিশনার হবেন তিনি নিরপেক্ষ হবেন। আগামী নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে এটা আমাদের আশা।
এর আগে পটুয়াখালীতে আঞ্চলিক বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন এরশাদ। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 





