স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, ‘সাংবাদিক নির্যাতন করে না পুলিশ। মাঝে মাঝে ধাক্কাধাক্কি লেগে যায়।’
গতকাল বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধা বেলা হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম পুলিশি নির্যাতনের শিকার হন। দেশজুড়ে আলোচিত এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি শাহবাগ থানার এক সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে ইতমধ্যেই। আজ এ ঘটনায় একটি অভিযোগও নিয়েছে পুলিশ।
এদিকে, ঢাকায় হরতাল চলাকালে সাংবাদিক নির্যাতনের ব্যাপারে আজ শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাংবাদিক নির্যাতন পুলিশে করে না। মাঝেমধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়, এটা স্বাভাবিক। আপনারা দুজন বন্ধু যদি একসঙ্গে চলেন ধাক্কাধাক্কি তো লেগেই যায়। এই ধরনের একটা কিছু হয়েছে।’
আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার শমসেরনগরে শাহ তোরণের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
হামলার ঘটনায় আজ রাজশাহীতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুঃখ প্রকাশ করেন। এর মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য এলো।
এ সময় মন্ত্রী আরো জানান, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) চালু করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশে পৃথকভাবে কাউন্টার টেররিজম ইউনিট গঠন করার প্রক্রিয়া চলছে। পরে মন্ত্রী শমসেরনগরে পিঠা উৎসব উদযাপন পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
নির্বাচন কমিশনের সার্চ কমিটি নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি আপত্তি ছাড়া কোন বিষয় মেনে নেয় না। আপত্তি করা তাঁদের রাজনৈতিক প্রক্রিয়া। সময়মতো তারা নির্বাচনে যাবে।
asadujjaman-khan
এর আগে শমসেরনগর এ এটি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র ফজলুর রহমান ফজলু প্রমুখ।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাদার্স পার্টি সেন্টারে প্রাক্তন ছাত্র পরিষদ, শমসেরনগর ও মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন কমিটি ঢাকার উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরপদারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সভায় যোগ দেন। এখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ। অনুষ্ঠানে ১৫ জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট প্রদান করা।
প্রতিনিধির নাম 
