আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসউদ।। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতার কারণে নির্বাচন কমিশন এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনার মাসউদ বলেন, কোনো পক্ষ থেকেই কমিশনের ওপর চাপ প্রয়োগ করা হয়নি। সংবিধান অনুযায়ী কমিশনের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করা হচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও তিনি জানান।
আরপিওতে যুক্ত নতুন ধারা প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) ৯১এফ ধারা সংযোজন করা হয়েছে। এর ফলে কোনো প্রার্থী ভুল বা মিথ্যা তথ্য দিয়ে নির্বাচিত হলেও ছাড় পাবেন না। নির্বাচন শেষ হওয়ার পরও যদি হলফনামা কিংবা আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে অসত্য তথ্য পাওয়া যায়, তাহলে কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর নির্বাচন বাতিল করার ক্ষমতা রাখবে।
নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে কমিশনার মাসুদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করুন। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতা অব্যাহত থাকায় একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পথ আরও সুগম হচ্ছে।
আব্দুর রহমান প্রতীক 
