বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেনো গোলমাল করতে না পারে। যেনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে ভোট দিতে পারে।
রবিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমি মনে করি এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। এবার মানুষ জেগেছে, ভোট এবার দেবেই। এবার আমরা ভোট দেবোই। কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।
মির্জা ফখরুল বলেন, বিএনপি যা বলে বাস্তবে তা করে। বিএনপি নির্বাচিত হলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মাফ করা হবে। মায়েদের কৃষি কার্ড দেয়া হবে, কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে যার মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদ আল মামুনের বোন একটি মাটির ব্যাংক ও মুরগির ডিম উপহার দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জুলাই শহীদদের স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল।
নিজস্ব প্রতিবেদক 





