বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিএনপি সরকার গঠন করলে আইনের শাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। তিনি জানান, দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে এবং সব অপরাধের বিচার প্রচলিত আইনের আওতায় নিশ্চিত করা হবে।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর নতুন বাস টার্মিনাল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক সমস্যায় জর্জরিত। কারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তা জনগণের অজানা নয়। তিনি দাবি করেন, শহরে অন্তত ২০টি বড় মাদক স্পট রয়েছে এবং বিএনপি ক্ষমতায় এলে প্রথমেই এসব এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসা বন্ধ করা হবে। একইসঙ্গে সন্ত্রাস ও দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে, যার ফলে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তাহীন হয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন আনা হবে।
জনসভায় তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গেও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, যুব সমাজকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে আধুনিক কারিগরি প্রশিক্ষণ ও বিভিন্ন ভাষা শিক্ষার মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি ইমাম, খতিব ও মাদ্রাসা শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং সম্মানজনক হালাল আয়ের সুযোগ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।
নদী ও খাল দখলের কারণে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সারা দেশে জলাশয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালু করা হবে।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের বিএনপি ও জোটভুক্ত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান প্রতীক 





