গণভোট নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানুষকে অবহিত ও সচেতন করতে পারবেন, কিন্তু হ্যাঁ বা না-এর পক্ষে ভোটের ব্যাপারে কোনো অবস্থান নেবেন না জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ নম্বর ধারাতে ক্যাটাগরিক্যালি (সুনিশ্চিতভাবে) বলে দেয়া হয়েছে যে সাধারণ নির্বাচনের জন্য যা যা কিছু ভায়োলেশন (লঙ্ঘন), গণভোটের জন্যও সেটা ভায়োলেশন। তো সাধারণ নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে প্রচার-প্রচারণার সুযোগ নাই, এ ব্যাপারটা আমরা স্পষ্টিকরণ করে দিয়েছি। তার মানে এটা দাঁড়াবে এ রকম যে, গণভোট নিয়ে আমাদের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানুষকে অবহিত করতে পারবেন, সচেতন করতে পারবেন, কিন্তু হ্যাঁ বা না-এর পক্ষে ভোটের ব্যাপারে কোনো অবস্থান নেবেন না।
নির্বাচনে পটুয়াখালী জেলার প্রস্তুতিতে সন্তুষ্ট হয়ে তিনি বলেন, নির্বাচনের আর মাত্র বাকি আছে ১২ দিন। আমরা এখানকার প্রিপারেশন দেখে সন্তুষ্ট, আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। আমি অত্যন্ত আশাবাদী, ইনশাল্লাহ পটুয়াখালীতে খুব ভালো নির্বাচন হবে।
নির্বাচনে ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন কোনো শতাংশের ওপর নির্ভর করে না। আমরা তো চাই শতকরা ১০০ ভাগ মানুষ ভোটকেন্দ্রে আসুক এবং আমরা সহায়ক পরিবেশ ও পরিস্থিতি তৈরি করবো এবং করেছিও। আমরা আশাবাদী মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।
নিজস্ব প্রতিবেদক 
