জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া আপত্তিকর মন্তব্যকে ‘আইডি হ্যাক’-এর অজুহাতে অস্বীকার করাকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
তিনি বলেন, একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হলেও তাৎক্ষণিক রিকভারি প্রক্রিয়া থাকে। সেখানে পাঁচ মিনিটের মধ্যে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাসির উদ্দিন নাসির বলেন, ‘আল জাজিরাকে দেওয়া বক্তব্যেরই ব্যাখ্যামূলক রূপ ছিলো ওই টুইট। এখন সেটিকে হ্যাকের অজুহাতে অস্বীকার করা মানে জনগণকে বিভ্রান্ত করা।’
তিনি আরও বলেন, ‘জামায়াত অতীতেও নারীদের অবমাননার রাজনীতি করেছে। এবারো একই মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।’
তিনি দেশের কর্মজীবী নারী ও নারী শিক্ষার্থীদের এ বক্তব্যের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক 





