দীর্ঘ ২০ বছর পর আজ মঙ্গলবার গাজীপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে উজ্জীবিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যেই গাজীপুরের রাজবাড়ী মাঠে তারেক রহমানকে বরণের জন্য সবরকম প্রস্তুতি গ্রহণ করেছেন দলের নেতাকর্মীরা। সভামঞ্চ তৈরির পাশাপাশি জেলার বিভিন্ন পয়েন্টে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে নেয়া হয়েছে প্রস্তুতি।
আজ সন্ধ্যায় রাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের উপস্থিতি ঘিরে গাজীপুরে পাঁচটি উপজেলা ও মহানগরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের আগমনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।
এদিকে বিএনপি চেয়ারম্যান ও তার সফর সঙ্গীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি চালাচ্ছেন।
আব্দুর রহমান প্রতীক 





