নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন সক্ষম হবে বলেও আশা করছি। বিদ্যমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি।’
এ সময় জিয়াউর রহমানকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি আবারও শপথ নিয়েছে।’
বিএনপির অনেকের মনোনয়ন বাতিল হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনোনয়ন যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যা আমরা মনে করেছি সেগুলো গতকাল তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি ইসি যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।’
ডেস্ক রিপোর্টঃ 



