শপথ নিয়েই গণমাধ্যমের মুখোমুখি হবে নতুন ইসি

নির্বাচন কমিশন
শপথ নেওয়ার পরপরই গণমাধ্যমের মুখোমুখি হচ্ছে নতুন নির্বাচন কমিশন। বুধবার বিকাল ৫টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন নতুন নির্বাচন কমিশনের সদস্যরা।
নির্বাচন কমিশন সচিবালয় পরিচালন (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বুধবার বেলা ৩টায় নতুন নির্বাচন কমিশনের শপথ হবে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও সার্চ কমিটি গঠনের মাধ্যমে গত ৬ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সাবেক সচিব কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে গঠিত কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।
নতুন কমিশন গঠনের পর থেকেই বিএনপি দলীয়করণের অভিযোগ তুলেছে। বিশেষ করে সিইসি কে এম নুরুল হুদাকে ‘আওয়ামী লীগের লোক’ হিসেবে আখ্যায়িত করেছে তারা। অবশ্য আপত্তি তুললেও বিএনপি এ কমিশনের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। আগামী ৬ মার্চ দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় দেশের ১৪টি জেলার ১৮টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে। এটিই হবে নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথম ভোট।
প্রতিনিধির নাম 

